বিএনপি নেতা উজ্জলের নির্দেশে লকডাউন প্রতিরোধে বিক্ষোভ মিছিল
অগ্রবাণী রিপোর্ট:
সোমবার (১০ নভেম্বর) রাত ১১টায় নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের নির্দেশে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করে।
ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ফতুল্লা থানা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য সচিব মুক্তার হোসেন।
শেখ হাসিনার বিরুদ্ধে আসা মানবতাবিরোধী গণহত্যার রায়কে কেন্দ্র করে ১৩ নভেম্বর ডাকা লকডাউনের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং সরকারের স্বৈরাচারী নীতির প্রতিবাদে বিক্ষোভ-স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি জানান। তারা সরকারের বিরুদ্ধে আচরণগত বৈষম্য ও স্বৈরশাসনের অভিযোগ তুলে ধরেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রশাসনের তৎপরতা ও বিচক্ষণতার প্রতি আহ্বান জানান তারা।
মিছিল শেষে দেওয়া বক্তব্যে মুক্তার হোসেন বলেন, “ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ তথা তাদের দোসররা ১৩ নভেম্বরকে কেন্দ্র করে লকডাউনের ডাক দিয়েছে, আমরা সেটিকে প্রতিহত করব। নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল ভাইয়ের নেতৃত্বে আমরা যেকোনো মূল্যে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলবো। প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা পাহারা দেবেন এবং রাজপথে থেকে সরকারের স্বৈরাচারী নীতি প্রতিরোধ অব্যাহত রাখবে।”
আরএস/ডিএ

মতামত দিন