নিজেদের সংযত করুন- স্বপন চৌধুরী
অগ্রবাণী রিপোর্ট:
যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটক্তি করেছে তাদের শুভবুদ্ধির উদয় হোক বলে মন্তব্য করেছেন মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরী। তিনি বলেন, কটুক্তিকারীদের সহ সকল ষড়যন্ত্রকারীদের বলছি সাবধান হয়ে যান, নিজেদের সংযত করুন।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহানগর শাখা আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বপণ চৌধুরী বলেন, যারা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছেন এবং দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে যারা কটুক্তি করেছেন তারা কি জানেন তিনি কোন পরিবারের সন্তান? আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই দেশ নায়ক তারেক রহমানের পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। সে সময় স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর প্রথম সামরিক বিগ্রেড ‘জেড ফোর্স’ মেজর জিয়াউর রহমানের অধীনে গঠিত হয়। মেজর জিয়ার নামের প্রথম অক্ষর জেড দিয়ে শক্তিশালী বিগ্রেডটি গঠিত হয়। তারেক রহমানের মাতা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শুধু তাই নয় দেশের স্বার্থে কখনো আপোষ না করায় তিনি আপোষহীন দেশনেত্রী খেতাবে ভূষিত হন। যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত। তাদেরই সন্তান তারেক রহমান বর্তমানে দেশের রাজনীতিতে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে যাচ্ছেন। সেই নেতাকে নিয়ে যারা কটুক্তি করেছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক।
তিনি আরো বলেন, আমরা দ্ব্যার্থহীন কন্ঠে বলতে চাই, জাসাস অত্যন্ত সুশীল একটি সংগঠন। আমরা সামাজিক ও নীতি নৈতিকতার মাধ্যমে সংগঠন পরিচালনা করে থাকি। তবে, আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু আপনারা রাজপথে থাকতে পারবেন না। অতএব আমি কটুক্তিকারীদের সহ সকল ষড়যন্ত্রকারীদের বলছি সাবধান হয়ে যান, নিজেদের সংযত করুন।
মহানগর জাসাসের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ সভাপতি মিয়া মো: আব্দুল্লাহ মুজিব, আব্দুল হাই, জাহাঙ্গীর হোসেন মিজি, শাহাদাৎ হোসেন সাধু, এম এ সাত্তার ভুট্টো, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জাসাস ঢাকা মহানগর (উত্তর) শাখার সদস্য সচীব মো: সোহেল, সদর থানা জাসাসের সাধারন সম্পাদক এড. গালিব, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালী, সদস্য সচীব আকাশ প্রধান, বন্দর থানা জাসাস সভাপতি আব্দুর রউফ, সা: সম্পাদক এড. মমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতামত দিন