রাজনীতি

না.গঞ্জ-৪ আসনে মুফতি মনির কাসেমীকে বিজয়ী করার শপথ

নিজস্ব প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লা থানা কৃষকদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুর গাছে ভোট দিয়ে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার শপথ নেন নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুঁইয়া, জাতীয়তাবাদী দলের ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আজ থেকে পাঁচ-ছয় বছর আগে করোনাকালে আমি এই এলাকায় এসেছিলাম। তখন এলাকার মুরুব্বি বারেক চেয়ারম্যানের দাফনে অংশ নিয়েছিলাম। সেই দিনের কষ্টের স্মৃতি আজও আমাকে কাঁদায়। কিন্তু আজ এসেছি আরও বড় শোক নিয়ে—আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন।”

তিনি বলেন, “মৃত্যুর আগে হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেও তিনি দেশ ও জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের অনুরোধ করেছিলেন যেন নেতাকর্মীরা ক্ষোভের বশে দেশের সম্পদ নষ্ট না করে। এমন একজন মহীয়সী নারীর জন্য যত দোয়া করা হয়, ততই কম।”

সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক মো. ইব্রাহিম হোসেন বলেন, “আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবেন, আমরা সবাই তা মেনে চলবো। খেজুর গাছ ও ধানের শীষ একই প্রতীক—খেজুর গাছে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।”

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার বলেন, “যিনি ভোটের অধিকার ফিরিয়ে দিতে জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের চূড়ান্ত পরিণতি হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সবাই সেদিন ভোট কেন্দ্রে গিয়ে খেজুর গাছে ভোট দেবেন।”

ফতুল্লা থানা কৃষকদলের নেতা সুমন আহমেদ বলেন, “আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন, তাকেই ১২ ফেব্রুয়ারি ভোট দিতে হবে।”

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “মুফতি মনির কাসেমীকে চিনেছেন বেগম খালেদা জিয়া নিজেই। তিনি জীবদ্দশায় তাকে মনোনয়ন দিয়ে গেছেন। তাই মুফতি মনির কাসেমী মানেই খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থী।”

তিনি আরও বলেন, “খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়। খেজুর গাছে ভোট দিয়ে মুফতি মনির কাসেমীকে জয়যুক্ত করুন। এতে খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মতামত দিন