নারায়ণগঞ্জ- ৩ আসনে 'ফুটবল' নিয়ে মাঠে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। বুধবার (২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর তাঁর কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনটি এখন সারা দেশের মধ্যে আলোচনার কেন্দ্রে। এখানে দলীয় প্রার্থীর বাইরেও হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিনের উপস্থিতি নির্বাচনের সমীকরণ বদলে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “ মানুষ পরিবর্তন চায়। তারা তাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমাকে চায়। ‘ফুটবল’ প্রতীক নিয়ে আমি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাব। আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমার লড়াই সোনারগাঁয়ের মানুষের সম্মান পুনরুদ্ধারের জন্য। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।”
তিনি আরও বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে। সাধারণ মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি, তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”
গিয়াস উদ্দিন প্রতীক পাওয়ার পর থেকেই তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরু করার প্রস্তুতি নিয়েছেন।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত এই প্রচারণা চলবে।

মতামত দিন