রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে ধ্বংসের ষড়যন্ত্র!

‎অগ্রবাণী ডেস্ক:

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বাধীন মহানগর যুবদলের রাজনীতিকে কোণঠাসা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সজল ও সাহেদের রাজনীতিকে কোণঠাসা করতে গিয়ে মহানগর যুবদলের রাজনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাচ্ছেন খোদ মহানগর বিএনপির শীর্ষ দুই নেতাও। এমন অ‌ভি‌যোগ ক‌রে‌ছে খোদ মহানগর যুবদ‌লের মাঠ পর্যা‌য়ের নেতাকর্মীরা।

‎সূত্রম‌তে, এরই মাঝে মহানগর যুবদলের রাজনীতি থেকে রসদ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। বিএনপির শীর্ষ নেতাদের কাঁধে ভর করে সজল ও সাহেদকে ক্ষতিগ্রস্থ করে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছেন জোসেফ ও সাগর প্রধান। 

‎যুবদলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ- নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যেসব নেতাদের পক্ষে অবস্থান নিয়েছেন সজল ও সাহেদ, সেইসব আসনের বিপরীত প্রার্থীরা সজল ও সাহেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সজল ও সাহেদকে চাপে রাখতে মহানগর যুবদলের পৃথক ব্যানারে জোসেফ ও সাগর প্রধানকে মাঠে নামিয়েছেন তারা।

‎অনেকেই জানিয়েছেন, সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে অবস্থান নিয়েছেন সজল ও সাহেদ। মাসুদকে প্রধান অতিথি করে মহানগর যুবদল যুব সমাবেশও করেছে নারায়ণগঞ্জে। এ নিয়ে চরম ক্ষুব্ধ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। কারন তারা দুজনও এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। পূর্বের মত সজল ও সাহেদের সঙ্গ পাচ্ছেনা সাখাওয়াত ও টিপু।

‎অন্যদিকে, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে অবস্থান নিয়েছেন মনিরুল ইসলাম সজল ও সাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। এ নিয়ে সাহেদের প্রতি চরম ক্ষুব্দ বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দীন। যদিও ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিভিন্ন কারনে গিয়াসের সঙ্গে সাহেদের বৈরী সম্পর্ক বিদ্যমান।

‎এদি‌কে গত ২৭ অক্টোবর পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। ওইদিন নারায়ণগঞ্জে মহানগর যুবদলের পৃথক দুটি ব্যানারে কর্মসূচি পালন করে যুবদলের নেতাকর্মীরা। নগরীর খানপুর এলাকায় সজল ও সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদ, সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসূফ খান টিপু। এই কর্মসূচিতে সাখাওয়াত ও টিপু বক্তব্য রেখেই চলে যান জোসেফ ও সাগর প্রধানের নেতৃত্বে মহানগর যুবদলের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। 

‎নগরীর মন্ডলপাড়া এলাকায় জোসেফ ও সাগর প্রধানের নেতৃত্বে মহানগর যুবদলের ব্যানারে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতেও বক্তব্য রাখেন সাখাওয়াত ও টিপু।  এই কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও গিয়াসউদ্দীন সিদ্ধিরগঞ্জ থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জোসেফ ও সাগর প্রধানের কর্মসূচিতে পাঠিয়েছেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে যুবদলের কর্মসূচি পালন করেছেন জোসেফ ও সাগর প্রধান। এখানে কেন্দ্রীয় যুবদলের সা‌বেক সদস্য মমতাজ উদ্দীন মন্তুও অংশগ্রহণ করেছেন।

‎আরএস/ডিএ

মতামত দিন