তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে মায়া
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়ার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার ও এ আশেপাশের এলাকায় মহিলা দলের নেত্রীদের নিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন ও ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন মায়া। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। লিফলেট বিতরণের সময় তার সাথে থাকা মহিলা দলের নেত্রীরা স্লোগানে স্লোগানে এলাকাকে মুখরিত করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন।
সাধারণ জনগণের উদ্দেশে রহিমা শরীফ মায়া বলেন “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামের প্রতিটি ঘরে ঘরে সাধারণ জনগণসহ সকল শ্রেণির মানুষ ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।”
তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।” এসময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

মতামত দিন